Technology
এআই কনটেন্ট শনাক্তে নতুন ফিচার আনছে ইউটিউব
Published: 2026-06-05 23:00:36
M-EYE News
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্ট সহজে শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে ইউটিউব। অনলাইনে বাস্তব ও এআই-নির্মিত কনটেন্টের পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে ওঠায় দর্শকদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে প্ল্যাটফর্মটি নতুন ডিসক্লোজার লেবেল ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু করছে।
ইউটিউব এক ব্লগ পোস্টে জানিয়েছে, কোনো কনটেন্টে এআই ব্যবহার করা হলে ‘এআই ডিসক্লোজার লেবেল’ স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করতে পারবে। তবে নির্মাতাদের এআই ব্যবহারের তথ্য নিজ থেকে জানানোর বিদ্যমান নিয়মও বহাল থাকবে।
প্ল্যাটফর্মটি আরও কিছু স্বয়ংক্রিয় টুল যুক্ত করছে, যা ভিডিওতে উল্লেখযোগ্য মাত্রার বাস্তবসম্মত এআই ব্যবহারের বিষয়টি শনাক্ত করবে। এ মাস থেকেই নতুন এ ব্যবস্থা কার্যকর করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো নির্মাতা ভিডিওতে প্রয়োজনীয় লেবেল যুক্ত না করলে ইউটিউবের শনাক্তকরণ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সেই ডিসক্লোজার লেবেল যুক্ত করবে। তবে ভুলভাবে লেবেল যুক্ত হলে নির্মাতারা ইউটিউব স্টুডিওর মাধ্যমে তা সংশোধনের সুযোগ পাবেন।
ইউটিউব জানিয়েছে, কিছু লেবেল স্থায়ী হবে এবং সেগুলো অপসারণ করা যাবে না। এর মধ্যে রয়েছে ইউটিউবের নিজস্ব জেনারেটিভ এআই টুল ব্যবহার করে তৈরি কনটেন্ট এবং ‘সি-টু-পি-এ’ (সি২পিএ) মেটাডেটা সংযুক্ত ভিডিও। এ মেটাডেটা নির্দেশ করে যে কনটেন্টটি সম্পূর্ণ বা উল্লেখযোগ্যভাবে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে।
ব্লগ পোস্টে ইউটিউব বলেছে, ব্যবহারকারীরা জেনারেটিভ এআই কনটেন্টের ক্ষেত্রে স্বচ্ছতাকে অত্যন্ত গুরুত্ব দেন। নতুন এই পরিবর্তন স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্মাতাদের স্বাধীনতা ও নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য তৈরি করবে।
বর্তমানে ইন্টারনেটে বাস্তব ও কৃত্রিমভাবে তৈরি ভিডিওর পার্থক্য নির্ধারণ করা ব্যবহারকারীদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মে এআই-নির্মিত কনটেন্টে স্পষ্ট লেবেল ব্যবহারের দাবি জোরালো হচ্ছে।
ইউটিউব লেবেল প্রদর্শনের স্থানেও পরিবর্তন আনছে। দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে এআই ট্যাগ ভিডিও প্লেয়ারের নিচে প্রদর্শিত হবে। অন্যদিকে ইউটিউব শর্টসের ক্ষেত্রে ভিডিও চলাকালে পর্দার ওপর দৃশ্যমান ওভারলে হিসেবে এআই লেবেল দেখানো হবে।