← Back to Home
Technology

এআই অবকাঠামোয় ৮০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা অ্যালফাবেটের

Published: 2026-06-05 22:10:44

M-EYE News
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশ্বব্যাপী প্রতিযোগিতা তীব্র হওয়ার মধ্যে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই অবকাঠামো সম্প্রসারণের জন্য ৮০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। শেয়ার বিক্রির মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হবে। পরে তা এআই–সংশ্লিষ্ট ডেটা সেন্টার, কম্পিউটিং সক্ষমতা ও অন্যান্য করপোরেট খাতে ব্যয় করা হবে। অ্যালফাবেট এক বিবৃতিতে বলেছে, তাদের এআই সেবা ও সমাধানের চাহিদা দ্রুত বাড়ছে। ব্যক্তি ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান পর্যন্ত সবখানেই চাহিদা বিদ্যমান সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে। এ কারণে অবকাঠামো সম্প্রসারণকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করা হবে বার্কশায়ার হ্যাথাওয়ের কাছে। দীর্ঘদিন এ প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন বিনিয়োগগুরু ওয়ারেন বাফেট। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠানের অংশগ্রহণ অ্যালফাবেটের এআই কৌশলের প্রতি বাজারের আস্থার প্রতিফলন। সাম্প্রতিক বছরগুলোতে চ্যাটবট, সার্চ, কনটেন্ট তৈরি, সফটওয়্যার উন্নয়ন ও ব্যবসায়িক বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহারের বিস্তার ঘটেছে। গত মাসে গুগলের এক সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানান, চলতি বছরে মূলধনি ব্যয় (ক্যাপেক্স) ১৮০ থেকে ১৯০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, যার বড় অংশই এআই অবকাঠামোতে ব্যয় হবে। বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো সম্মিলিতভাবে প্রায় ৭০০ বিলিয়ন ডলার পর্যন্ত এআই সম্পর্কিত বিনিয়োগ করতে পারে। এর বড় অংশ ব্যয় হবে ডেটা সেন্টার নির্মাণ, উচ্চক্ষমতাসম্পন্ন চিপ ও ক্লাউড অবকাঠামো সম্প্রসারণে। অ্যালফাবেট বলছে, শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রেখেই তারা এ বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করবে। এআই নির্ভর সেবার বাড়তে থাকা চাহিদাই তাদের এই কৌশলের মূল ভিত্তি।