Technology
স্বচালিত গাড়ির প্রযুক্তি উন্নয়নে ৫০০ তথ্যসংগ্রহকারী যান নামাচ্ছে উবার
Published: 2026-06-05 23:04:22
M-EYE News
স্বচালিত গাড়ির প্রযুক্তি উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। চলতি বছর বিশ্বের বিভিন্ন সড়কে ৫০০টি বিশেষ তথ্যসংগ্রহকারী গাড়ি নামানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উবার জানিয়েছে, এসব গাড়ি বাস্তব সড়কের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে, যা পরে স্বচালিত গাড়ি প্রযুক্তি উন্নয়নে কাজ করা বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রশিক্ষণে ব্যবহার করা হবে।
এ জন্য উবার বিশেষভাবে তৈরি করেছে হুন্দাই আইওনিক-৫ বৈদ্যুতিক গাড়ির একটি সংস্করণ। এসব গাড়ির ছাদ ও পাশে উন্নত সেন্সর যুক্ত করা হয়েছে।
প্রতিটি গাড়িতে থাকবে ১৪টি ক্যামেরা, ৮টি লিডার সেন্সর এবং ৯টি রাডার। এসব প্রযুক্তির মাধ্যমে সড়ক, যানবাহন, পথচারী ও আশপাশের পরিবেশের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
উবারের দাবি, এই বহর প্রতি মাসে প্রায় ২০ লাখ মাইল পথচলার তথ্য সংগ্রহ করতে পারবে। আগামী গ্রীষ্মের মধ্যে অন্তত ৫০টি গাড়ি সড়কে নামানোর লক্ষ্য রয়েছে কোম্পানিটির।
সংগৃহীত তথ্য শুধু সংরক্ষণ নয়, বরং বিশ্লেষণ করে স্বচালিত গাড়ির সফটওয়্যার উন্নয়নে ব্যবহার করা হবে। এতে রোবোট্যাক্সি প্রযুক্তি আরও উন্নত ও নির্ভরযোগ্য হয়ে উঠবে বলে আশা করছে উবার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের লক্ষ্য বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় স্বচালিত গাড়ি-সংক্রান্ত তথ্যভান্ডার তৈরি করা, যেখানে বিভিন্ন দেশ, শহর ও পরিবেশের বাস্তব অভিজ্ঞতা যুক্ত থাকবে।
উবারের স্বচালিত যানবাহন অংশীদারদের মধ্যে রয়েছে ওয়েমো, উইরাইড ও অ্যাভরাইডের মতো প্রতিষ্ঠান।